আবূ ’আবদুল্লাহ মুহাম্মাদ ইবনু ইসমা’ঈল বুখারী
হাফিয (রহঃ) ‘‘আত্ তাক্বরীব’’ গ্রন্থে বলেন, ‘‘ইমাম বুখারী হলেন মুখস্থ বিদ্যার পাহাড়, দুনিয়ায় ইমাম এবং হাদীসশাস্ত্রের নির্ভরযোগ্য ব্যক্তিত্ব।’’ তিনিই হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি সহীহ হাদীসগুলোকে আলাদাভাবে সংকলন করেছেন ঐ সমস্ত হাদীস থেকে পৃথক করে যেগুলো সহীহ’র স্তরে পৌঁছেনি। তিনি ১৯৪ হিজরী সনে জন্মগ্রহণ করেন এবং দশ বৎসর বয়সেই হাদীস মুখস্থ করা আরম্ভ করেন। তিনি বিস্ময়কর স্মরণশক্তির অধিকারী ছিলেন। তাঁর নিকট লোকজন ‘ইলম শিক্ষা করতেন অথচ তখনো তিনি আঠারো বৎসর বয়সে উপনীত হননি। হাদীস শিক্ষা ও সংগ্রহের উদ্দেশে ইমাম বুখারী (রহঃ) বহু দেশ ও শহর পরিভ্রমণ করেন এবং প্রায় এক হাজার উস্তাযের কাছ থেকে হাদীস শ্রবণ করেন।
তিনি ফিক্বহ শাস্ত্রের মুজতাহিদ ইমামগণের অন্যতম একজন। তাঁর গুরুত্বপূর্ণ বহু ফিক্বহী অভিমত রয়েছে এবং রয়েছে অমূল্য রচনাবলী। যার মধ্যকার সর্বাধিক গুরুত্বপূর্ণ হচ্ছে ‘জামি‘উস্ সহীহ আল বুখারী’ গ্রন্থ সংকলন। যে গ্রন্থটি সাধারণভাবে সমগ্র হাদীস গ্রন্থাবলীর চেয়ে সর্বাধিক নির্ভরযোগ্য ও গ্রহণযোগ্য বলে পরিগণিত হয়। তিনি ২৫৬ হিজরী সনে মৃত্যুবরণ করে।
No comments