আবূ ’আবদুল্লাহ মুহাম্মাদ ইবনু ইদ্রীস আশ্ শাফি’ঈ রঃ
মুহাম্মাদ ইবনু ইদ্রীস শাফি‘ঈ আল্ কুরাশী আল্ হাশিমী (রহঃ) দু’শ হিজরী শতকের একজন বড় ইমাম ফাক্বীহ, মুজতাহিদ, মুহাদ্দিস ও দীনের মুজাদ্দিদ ছিলেন। তিনি ১৫০ হিজরী সনে (ফিলিস্তীন) গাজাহ্ শহরে জন্মগ্রহণ করেন। দু’বৎসর বয়সে তাঁকে সেখান থেকে মক্কায় নিয়ে যাওয়া হয়। তিনি দু’বার বাগদাদ সফর করেন এবং ১৯৯ হিজরী সনে মিসরে যান। সেখানেই তাঁর মৃত্যু হয়। তিনি ছিলেন উঁচুমানের কবি, বিশুদ্ধভাষী, অলংকারশাস্ত্রবিদ, ভাষা, ফিক্বহ ও হাদীসের ইমাম, এমন দক্ষ তীরন্দাজ যার তীর লক্ষ্যভ্রষ্ট হত না, অত্যধিক সততাপরায়ণ এবং আশ্চর্যকর স্মৃতিশক্তির অধিকারী। তিনিই সর্বপ্রথম ‘ইলমু উসূলিল ফিক্বহ’ সম্পর্কে পুস্তিকা রচনা করেন। তাঁর রচিত বহু গ্রন্থ রয়েছে। তন্মধ্যে সর্বাধিক প্রসিদ্ধ গ্রন্থ হচ্ছে ‘‘আল্ উম্ম’’, যা সাত খণ্ডে সম্পন্ন। তিনি ২০৪ হিজরী সনে মৃত্যুবরণ করেন।
No comments